বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে চিরবিদায়! গার্ডওয়ালে ধাক্কা খেয়ে মৃত্যু যুবকের

মুকুটমণিপুরে কংসাবতী জলাধারের পাড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২১ বছরের যুবক মনোজিৎ মাহাতোর। দ্রুতগতিতে বাইক চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা লাগতেই ঘটনা ঘটে।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-11-17 at 5.30.36 PM

নিজস্ব সংবাদদাতা: মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। রোববার বিকেলের ঠিক আগে কংসাবতী জলাধারের পাড় ঘেঁষে যাওয়া সরু রাস্তায় ৭৭ নম্বর লাইট পোস্টের সামনে আচমকাই ঘটে মর্মান্তিক বিপর্যয়। মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো, বয়স মাত্র ২১। বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিলেন মনোজিৎ।

স্থানীয়রা জানান, নিজের মামাবাড়ি হলুদকানালীতে কয়েকদিনের জন্য এসেছিলেন মনোজিৎ। সেখানকার কয়েকজন বন্ধুকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন মুকুটমণিপুরে। সেই আনন্দভ্রমণই যে শেষ যাত্রা হয়ে দাঁড়াবে, তা কেউ ভাবতে পারেনি। অভিযোগ, জলাধারের ধার ঘেঁষে থাকা রাস্তায় বাইক দ্রুত গতিতে চালাতে চালাতে স্টান্ট করছিলেন তিনি। আচমকাই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে সোজা ধাক্কা লাগে রাস্তার ধারেই থাকা গার্ডওয়ালে। প্রচণ্ড অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। কয়েকবার গড়িয়ে গিয়ে মাথা ও মুখে মারাত্মক আঘাত লাগে।

স্থানীয় লোকজন প্রথমেই ছুটে আসেন। তাঁদের দাবি, ধাক্কা এতটাই জোরাল ছিল যে ঘটনাস্থলেই প্রাণ চলে যায় মনোজিতের। খবর পেয়ে গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ দ্রুত ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁকে মৃত বলেই ঘোষণা করেন।

dead body 3.jpg

হঠাৎ এমন অকাল মৃত্যুতে পরিবার-পরিজন ভেঙে পড়েছেন। বাড়িতে যেন নেমে এসেছে ঘোর শোকের ছায়া। কলেজের বন্ধুরাও বিশ্বাস করতে পারছেন না মনোজিতের এমন আকস্মিক চলে যাওয়া।

মুকুটমণিপুরের ওই বিপজ্জনক বাঁকের কথা আগেও বহুবার উঠে এসেছে। কিন্তু রবিবারের এই হৃদয়বিদারক মৃত্যুর পর আবারও প্রশ্ন উঠছে—দ্রুতগতির বাইক, স্টান্ট আর অসতর্কতাই কি কেড়ে নিল আর এক তরতাজা প্রাণ?