শ্রমিক নিয়োগকে ঘিরে দুই প্রাক্তন কাউন্সিলরের দ্বন্দ্ব! বাঁশ-লাঠি নিয়ে লড়াই

কি ঘটল সেখানে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-02 at 5.00.20 PM

হরি ঘোষ, দুর্গাপুর: শ্রমিক নিয়োগকে ঘিরে দুই প্রাক্তন কাউন্সিলরের দ্বন্দ্ব। ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরের এবিএল টাউনশিপে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি দলেরই দুই কর্মী। তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের মারধরের অভিযোগ দুর্গাপুর নগর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা বাঁশ, লাঠি দিয়ে মারধরের অভিযোগ ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার অনুগামীদের বিরুদ্ধে।  বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিচ্ছে তৃণমূলের, কটাক্ষ বিজেপির। 

দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপে রয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়। সেইখানেই দলীয় কাজকর্ম হয়। শ্রমিকদের কাজকর্ম নিয়েও আলোচনা হয়। বর্তমানে এসআইআর নিয়েও কাজকর্ম চলে। রবিবার রাতেও সেই সব নিয়েই আলোচনা চলছিল। তখনই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, বাঁশ, লাঠি, সোটা, ইট নিয়ে চলে দুই পক্ষের লড়াই। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যা নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও বেশ বেগ পেতে হয়। ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দিপেন মাঝির অভিযোগ, "আমি সুভাষপল্লীর দলীয় কার্যালয়ে এসআইআর এর কাজ করছিলাম। তখনই আমার কাছে খবর যায় গন্ডগোল চলছে শ্রমিক সংগঠনের কার্যালয়ে। সেই গন্ডগোলের মূল কারণ ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এর অনুগামী রঞ্জিত পন্ডিতের নেতৃত্বে বহিরাগতদের কারখানায় নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। কিন্তু কয়েকদিন আগেই এলাকার বেশ কয়েকজন ছেলেকে বেসরকারি কারখানায় কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তারা এবং আমাদের কিছু ছেলেরা শ্রমিক সংগঠনের কার্যালয়ে গিয়ে তারই প্রতিবাদ করে। তখনই রঞ্জিত পন্ডিতের লোকজন লাঠি, সোটা, ইট নিয়ে আমাদের ছেলেদের উপর হামলা চালায়। চরম উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আমিও ঘটনাস্থলে গেছিলাম। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়"। পাল্টা দীপঙ্কর লাহার অনুগামী রঞ্জিত পন্ডিতের অভিযোগ,‌ "আমরা এসআইআর- এর কাজ করছিলাম। তখনই ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দীপেন মাঝির লোকজন আমাদের ওপর চড়াও হয়। বাঁশ, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমরা ওদের শাস্তি চাইছি"। কটাক্ষ করে জেলা বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে। মারামারি হচ্ছে। নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। আরো কত কি দেখতে পাবেন বিধানসভা নির্বাচনের আগে"। বিরোধীদের কথাই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্ব। তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানষ অধিকারী বলেন, "আমরা এসআই আর এর কাজ নিয়ে এখন ব্যস্ত। নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কোনও ব্যাপার নেই। তবুও আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি"।

WhatsApp Image 2025-12-02 at 5.00.20 PM (1)