/anm-bengali/media/media_files/1000069162.jpg)
নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্রের থানে শহরে শুক্রবার সন্ধ্যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত চারজনের, আহত হয়েছেন আরও কয়েকজন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অভিযোগ, গাড়ি চালানোর সময় হঠাৎ হার্ট অ্যাটাক হয় চালকের। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়তে থাকা গাড়িটি ধাক্কা মারে একাধিক দুই-চাকায়। ব্যস্ত ফ্লাইওভার জুড়ে শুরু হয় চরম আতঙ্ক।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট নাগাদ। থানের পূর্ব দিককে পশ্চিমের সঙ্গে যুক্ত করা ওই ফ্লাইওভারে তখন যানবাহনের চাপ তুলনামূলক বেশি ছিল। সেই সময়ই দ্রুতগতিতে আসছিল একটি সাদা গাড়ি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হঠাৎ গাড়িটি বেপরোয়া ভাবে দুলতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক বাইকের উপর উঠে বসে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে একটি বাইকের আরোহী আকাশে ছিটকে গিয়ে ফ্লাইওভার থেকে নীচে রাস্তায় পরে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, কোনওরকম সতর্কতা ছাড়াই দ্রুতগতিতে আসা গাড়িটি বাইক আরোহীদের উপর আচমকা ঝাঁপিয়ে পড়ছে। ছিটকে যাচ্ছে বেশ কয়েকজন। মুহূর্তেই বিশৃঙ্খলা, আর্তচিৎকার, রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় ফুটেজে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। আরও কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। চালকেরও গুরুতর শারীরিক সমস্যা ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করছে, চালকের হঠাৎ হার্ট অ্যাটাক হওয়াতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। তবে গাড়িতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে, সিসিটিভি ফুটেজও বিশদভাবে বিশ্লেষণ করছে তদন্ত দল।
থানে শহরে এই দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। ব্যস্ত ফ্লাইওভারে পর্যাপ্ত নজরদারি ও জরুরি নিরাপত্তা ব্যবস্থার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার তদন্ত চলছে, তবে রক্তাক্ত সেই সন্ধ্যার আতঙ্ক এখনও কাটছে না থানেবাসীর মনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us